মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২ - Mymensingh Metro

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 15, 2026

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ছিল নয় মাস। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ শিশু।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৮৯ শিশু চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা নিশ্চিত করা এবং জ্বর, শরীরে র‍্যাশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।