ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ জনাব এ. কে. এম. সামসুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস—আনন্দ মোহন কলেজ শাখা। এ সময় অধ্যক্ষকে একটি Dracaena Bonsai উপহার দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে গ্রীন ভয়েস—আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা জনাব আল আমীন, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ; শাখার সভাপতি স্বর্ণা চাকলাদার; গ্রীন ভয়েস—জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সবুজ সহযোদ্ধাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে শাপলা (এসএপিএলএ) সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মোঃ আলমগীর হোসেনের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ২০টি গাছ আনন্দ মোহন কলেজের বিভিন্ন স্থানে শিক্ষকদের পরামর্শক্রমে রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আনন্দ মোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রূপন চন্দ্র বণিক। এ সময় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সুহেলুর রহমান, গ্রীন ভয়েস—আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা জনাব আল আমীন এবং প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রীন ভয়েসের পক্ষ থেকে বলা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ ও ঔষধি প্রজাতির গাছ সংরক্ষণের পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহের অন্যতম ঐতিহ্যবাহী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটির বর্তমান ক্যাম্পাস কলেজ রোড এলাকায় অবস্থিত।
গ্রীন ভয়েসের স্লোগান— “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে।”
