নবী হোসেন লাদেন
বিশেষ প্রতিবেদক, ময়মনসিংহ মেট্রো
নগরীর টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৬। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আবদুল্লাহ খান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আব্দুর রব মোশারফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্মিল।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় মোট ৭৩টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি স্টল ৮টি এবং বেসরকারি স্টল ৬৫টি। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বইপ্রেমী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।
মেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন মেলাটি বাস্তবায়ন করছে। বইপাঠে আগ্রহ সৃষ্টি, পাঠাভ্যাস বৃদ্ধি এবং প্রকাশক ও পাঠকদের মধ্যে সংযোগ তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন