কদিন হলো সূর্যের মুখ দেখা নেই। অসম্ভব হৃদয় কাঁপানো অনুভূতি। চিরচেনা সেই শীতের আবহাওয়া। গ্রামে সেই মাঠ, ঘাট, পথ—পথের দুপাশে দুর্বাঘাসটুকু চেনা-জানা, যার ওপর শিশিরবিন্দু জমে আছে। এ যেন শিশির নয়, আমাদের গ্রামবাংলার মানুষের অহংকার। আস্তে আস্তে, নীরবে একদম বুকের পাঁজর ছুঁয়ে আসছে শীতের হিমেল অনুভূতি।
ভোরের বাতাসের শরীরে হালকা শীতলতা, ঘাসে শিশিরের বিন্দু, বিকেলের রোদে কোমলতার ছোঁয়া—এসবই যেন প্রকৃতির গোপন বার্তা। হেমন্তের শেষ প্রহরে মাঠে অনুভব করছি, পৃথিবী নিজের রঙিন আবরণ একটু একটু করে গুটিয়ে নিচ্ছে। তখনই অনুভব করা যায়, শীত আসছে। সে আসছে কোনো উচ্চারণ ছাড়াই, কোনো আয়োজন ছাড়াই—নিঃশব্দ পদচারণায়। কবিতার মতো। যে কবিতা আমি লিখতে পারি না। হৃদয় দিয়ে অনুভব করি ঠিক শীতের আগমনী কবিতার মতো।
হেমন্তের মাঝেই শীতের আগমন। শীতের আগমনী স্মৃতিতে বেঁধে রাখতে ভোরবেলা জানালা খুললেই দেখা যায়, দূরের গাছপালা কুয়াশার পাতলা পর্দায় ঢাকা। ভোরবেলা ঘরের চালে পাতা ঝরা টুপটাপ শিশিরের শব্দ। পথের বাঁকে, নদীর চরে, ফসলের মাঠে ছড়িয়ে থাকে সাদা আবছায়া। সূর্য তখনো পুরোপুরি জেগে ওঠেনি। মনে হয়, রাতের শেষ নিঃশ্বাসটুকু প্রকৃতি যত্ন করে ধরে রেখেছে।
ধীরে ধীরে সূর্যের আলো ফুটে উঠছে, কুয়াশার বুকের ওপর সোনালি আভা ছড়িয়ে পড়ছে। সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে অনেকক্ষণ। মনে হয়, জনম জনম দুচোখ ভরে দেখি এ অপরূপ সৌন্দর্যের মাধুকরী।
শীতের আগমনের সবচেয়ে সুন্দর অনুভব হলো হিমেল বাতাস। যার স্পর্শে শরীর শিহরিত হয়, মন অকারণেই কোথাও হারিয়ে যায়। গাছের পাতায় পাতায় নড়ে ওঠে ঋতু পরিবর্তনের সংকেত। পাখিরা ডানা মেলে নতুন সকালের সন্ধানে বেরিয়ে পড়ে। দূরের বাঁশবাগানে বাতাসের শব্দ যেন কোনো অচেনা বাঁশির সুর। প্রকৃতির এই নীরব সংগীত মানুষের ব্যস্ত মনকে মুহূর্তের জন্য থামিয়ে দেয়।
গ্রামবাংলায় হেমন্ত থেকে শীতে উত্তরণের দৃশ্য আরও গভীর, আরও প্রাণবন্ত। যদি নীরব প্রকৃতির কোলে শান্ত ভোরের আলো, শিশিরবিন্দু মন ছোঁয়া, হৃদয় কাঁপানো লাগে। কৃষকেরা এবার লাঙল নয়, কাস্তে হাতে চলছে। খেজুরগাছের গায়ে গাছিরা উঠে প্রস্তুতি নিচ্ছে সেই রসের হাঁড়ি নামানোর। যে নিপুণ হাতে গাছের মাথা পরিষ্কার করে বসিয়ে দেন মাটির হাঁড়ি। রাতের অন্ধকারে শিশিরভেজা বাতাসের সঙ্গে মিশে যায় খেজুরের রসের অপেক্ষা। ভোরের আলো ফোটার আগেই গাছিরা হাঁড়ি নামাতে বেরিয়ে পড়েন। সেই দৃশ্য যেন বাংলার শীতের এক চিরন্তন চিত্রকল্প।
কিন্তু শীতের সবচেয়ে গভীর সৌন্দর্য লুকিয়ে আছে স্মৃতির ভেতরে। ঋতু বদলায়, সময় বদলায়, মানুষের বয়স বাড়ে; অথচ শৈশবের শীত যেন কখনো পুরোনো হয় না। মনে পড়ে যায় সেই ভোরবেলা, যখন মায়ের ডাকে ঘুম ভাঙত। শীতের সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করত না। মা বারবার ডাকতেন, আর আমরা লেপের ভেতর মুখ লুকিয়ে আরও কিছুক্ষণ ঘুমানোর অজুহাত খুঁজতাম।
গ্রামে আসলেই মনে পড়ে হাজারো স্মৃতি। ঠাকুরমার সেই পুরোনো শীতের চাদর, উঠোনে বসে রোদ পোহানোর দৃশ্য, পুকুরপাড়ে কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা গাছপালা। মনে পড়ে বিকেলের নরম রোদে বন্ধুদের সঙ্গে আমাদের বাড়ির সামনে রেললাইন ধারে খেলাধুলা—দাঁড়িয়াবান্ধা, হাডুডু, ব্যাডমিন্টন, ভলিবল। এসব কেবলই স্মৃতি এখন। খেজুরের রসের হাঁড়ি নামানোর অপেক্ষা, নতুন গুড়ের গন্ধে ভরে ওঠা বাড়ির পরিবেশ। তখন শীতের দিনগুলো যেন অনেক দীর্ঘ ছিল। সময়ের হাতে এত তাড়া ছিল না। আনন্দের জন্য খুব বেশি আয়োজনের প্রয়োজন হতো না। সামান্য কিছুতেই মন ভরে যেত।
শীত মানেই কি কেবল ঠান্ডা নয়? শীত মানে মাটির গন্ধ, নতুন ধানের ঘ্রাণ, খেজুরের রস, নলেন গুড়, পিঠাপুলির উৎসব। উঠোনে বসে চালের গুঁড়া তৈরি, নারকেল কোরানো, গুড় জ্বাল দেওয়ার আয়োজন—এসবের মধ্যে লুকিয়ে থাকে বাঙালির পারিবারিক ঐতিহ্য। শীতের সন্ধ্যায় রান্নাঘর থেকে ভেসে আসা পিঠার গন্ধ যেন এক নিমন্ত্রণ, যা মানুষকে আপনজনের কাছে ফিরিয়ে নেয়।
তবু শীতের আগমনে আনন্দের পাশাপাশি একটি নীরব বিষণ্নতাও জেগে ওঠে। কারণ প্রকৃতির প্রতিটি পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় সময়ের অনিবার্য যাত্রাকে। যে মাঠে একদিন সবুজ ধানের ঢেউ উঠেছিল, কিছুদিন পর সেখানে সোনালি ফসল কাটার পর শূন্যতা। যে গাছের ডালে পাতার সমারোহ ছিল, সেখানে এখন কুয়াশার লুকোচুরি। প্রকৃতির এই বদলে যাওয়া দৃশ্যের মধ্যে জীবনেরও যেন এক প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। মানুষও তো সময়ের সঙ্গে বদলায়, হারায়, আবার নতুন করে বাঁচতে শেখে।
মন্তব্য করুন